বাংলাদেশের ক্রীড়া অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে বিসিবি পরিচালক আসিফ আকবরের মন্তব্য ঘিরে। তিনি বলেন,
“ফুটবলের কারণে ক্রিকেট খেলা ঠিকভাবে আয়োজন করা যাচ্ছে না।” এ বক্তব্যের পর থেকেই ক্ষোভে ফুঁসে উঠেছে দেশের ফুটবল অঙ্গন। বিষয়টি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)-কে এবং করেছে একাধিক অভিযোগও।
তবে আসিফ আকবর এসব অভিযোগকে গুরুত্ব না দিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, “নভেম্বরের মধ্যে মাঠ বুঝে না পেলে আমি হাইকোর্টে রিট করব।”
প্রথমবারের মতো বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি দেশের বিভিন্ন অঞ্চলে ক্রিকেট কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে বিসিবির এক সম্মেলনে ফুটবল নিয়ে দেওয়া মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে। এখন টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানালেন, বাফুফের চিঠি বা ফুটবল সংশ্লিষ্টদের বক্তব্যে তিনি বিচলিত নন।
আসিফ আকবর বলেন,
“আমি যে কমেন্ট করলাম, মারপিট বা সংঘর্ষ নিয়ে, ওরা সেটা নিয়ে সিন ক্রিয়েট করল। চিঠি দিল বিসিবিকে। অথচ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উচিত ছিল আমার অভিযোগের সত্যতা যাচাই করা— আসলেই কি তাদের লোকজন এমন কাজ করছে কি না।”
বাফুফে থেকে পাঠানো চিঠির প্রতিক্রিয়ায় তিনি বলেন,
“আমি বরং অনার্ড ফিল করছি। কারণ এই সংঘাত থেকেই একটা সমাধান আসবে। আলোচনা ও সমালোচনা থেকেই সমস্যার দিকটা পরিষ্কার হবে।”
বিতর্কিত মন্তব্যের পর অভিযোগ ওঠে, আসিফ আকবর কুমিল্লায় ফুটবলের মাঠ দখল করে নিজের শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান আয়োজন করেছিলেন। এ বিষয়ে তিনি নিজের অবস্থান পরিষ্কার করে বলেন,
“তারা যে মাঠ বন্ধ করেছে বা আমাকে দায়ী করছে— তার কোনো প্রমাণই দেখাতে পারবে না। আমার খেলা বন্ধ হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা চাই খেলাগুলো নিয়মিত হোক, একটার পর আরেকটা মাঠে চলুক।”
তবে ফুটবলকে প্রতিপক্ষ নয়, বরং সহযোগী হিসেবে দেখতে চান আসিফ আকবর। তিনি বলেন,
“আমি চাই ক্রিকেট আর ফুটবল— দুই খেলাই দেশের স্বার্থে সহাবস্থানে চলুক। ক্যালেন্ডার মেনে আমরা সবাই যেন নিজেদের খেলার সময়সূচি ঠিক করি, এটাই মূল লক্ষ্য।”