দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাঙ্গাশ মাছের পোনা ধরার জন্য ব্যবহৃত একাধিক চাই আটক করেছে মৎস্য বিভাগ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোঃ মোল্লা এমদাদুল্যাহ এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেয় তজুমদ্দিন ও মনপুরা কোস্টগার্ড কনটিনজেন্ট, মনপুরা উপজেলা মৎস্য বিভাগ এবং সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (SCMFP)-এর একটি টিম।
অভিযানে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেন, মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক, তথ্য সংগ্রহকারী মোঃ হেলাল উদ্দিন, মোঃ রাসেদ খান, নদী পাহারাদার মোঃ হেলাল উদ্দিন, এবং কোস্টগার্ডের তজুমদ্দিন ও মনপুরা টিম।
অভিযান চলাকালে মনপুরা উপজেলার ১নং ইউনিয়নের পূর্ব পাশের মেঘনা নদী এলাকায় ব্যাপকভাবে অবৈধ পাঙ্গাশ পোনা ধরার চাইয়ের সন্ধান পাওয়া যায়। এসময় ৪টি চাই, ৫টি চাইয়ের মটকা এবং ইটসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়, পরে আটককৃত সব উপকরণ স্থানীয় জনসম্মুখে ধ্বংস করা হয়।মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক বলেন, “আজকের অভিযানে অবৈধ পাঙ্গাশ পোনা ধরার ৪টি চাইসহ বেশ কিছু সামগ্রী জব্দ করেছি। পরবর্তীতে চাইগুলো ধ্বংস করা হয়েছে। পোনা ধ্বংসকারী এসব অবৈধ উপকরণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”