কলাপাড়া, পটুয়াখালী
পটুয়াখালীর মহিপুরে একটি ঝুপড়ি ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামের নজরুলের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মহিপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের সিরাজউদ্দিন খান (৭৫) ও তার স্ত্রী আকলিমা বেগম (৬৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজউদ্দিন খান দীর্ঘদিন ধরে আন্ধারমানিক নদীতে খেয়া নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নদীর তীরে একটি ঝুপড়ি ঘর তৈরি করে তিনি স্ত্রীকে নিয়ে সেখানে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সিরাজউদ্দিনের গলা, চোখের নিচে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কালো দাগ দেখা গেছে। ঘরের মেঝেতেও রক্তের দাগ পাওয়া গেছে। স্ত্রী আকলিমা বেগমের শরীরেও রক্তের চিহ্ন রয়েছে। এতে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নয় বলে সন্দেহ দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা বাদল তালুকদার বলেন, ফজরের নামাজের সময় সিরাজউদ্দিনকে না দেখে তিনি তাদের ঘরের দিকে যান। সেখানে গিয়ে দেখেন সিরাজউদ্দিন মেঝেতে পড়ে আছেন এবং তার স্ত্রী চৌকিতে নিথর অবস্থায় রয়েছেন। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশে খবর দেওয়া হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ দুটি উদ্ধার করেছে। পটুয়াখালী থেকে সিআইডি টিম ঘটনাস্থলে আসছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।