বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন যে, শেখ হাসিনা যেভাবে আইন ও সংবিধান উপেক্ষা করেছেন, এখন কিছু রাজনৈতিক দলও একই পথ অনুসরণ করছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, “যাদের বলার এখতিয়ার নেই, তারাও আজ কথা বলছে। ঐকমত্যের কথা বলে ১৪ মাস পর সনদ হলো, এখন আবার তারা ভিন্ন কথা বলছে— যা অসাংবিধানিক ও বেআইনি।” তিনি দাবি করেন, “যারা এখন সংবিধান ও আইন মানছে না, তারাই শেখ হাসিনার পথ অনুসরণ করছে। শেখ হাসিনা যেমন নিজের স্বার্থে সংবিধান পরিবর্তন করেছিলেন, এখন কিছু দলও একইভাবে সংবিধানকে নিজের মতো ব্যবহার করতে চাইছে।”
তিনি সতর্ক করে বলেন, “কেউ কেউ রাস্তায় নেমে জোর করে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে। নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। যারা এই চেষ্টা করছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।” বিএনপি গণতান্ত্রিক পথে নির্বাচন চায় উল্লেখ করে তিনি বলেন, “আমরা নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। এই সংগ্রাম শুধু হাসিনা-বিরোধী নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই।”
আমীর খসরু আরও বলেন, “বাংলাদেশকে মুক্ত করতে হলে হাসিনা-মুক্ত করলেই হবে না, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করতে হবে।”
ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করবে।