মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ সদর উপজেলার পূর্ব শীলমন্দি এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী ও পুলিশ। সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে সদর আর্মি ক্যাম্প ও সদর থানা পুলিশের যৌথ টহল অভিযানে এই কারখানাটি ধরা পড়ে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১১টা ৫০ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি টহল দল জানতে পারে, স্থানীয় সুমল লাল নামের এক ব্যক্তির গোডাউন ঘরে কয়েকজন অপরিচিত ব্যক্তির সন্দেহজনক চলাফেরা রয়েছে। এরপর তাৎক্ষণিকভাবে আর্মি ক্যাম্প ও পুলিশ মিলে তল্লাশি অভিযান শুরু করে।
অভিযানে গোডাউন ঘর থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—৩টি সীসা কার্তুজ, ৫টি লোহার বাট, ৭টি লোহার ব্যারেল, ৭টি রিকয়েল স্প্রিং, ১টি ওয়েল্ডিং মেশিন, ১টি ড্রিল মেশিন, ৬টি লোহার বোল্ট, লেদ মেশিনসহ আরও নানা যন্ত্রপাতি।
সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেড-এর অধীন মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া এই কারখানা থেকে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নাশকতার উদ্দেশ্যে অস্ত্র সরবরাহের পরিকল্পনা ছিল। পাশাপাশি সম্প্রতি সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে সংঘর্ষে ব্যবহৃত অস্ত্রও এখান থেকেই সরবরাহ করা হয় বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৩ ও ১০ নভেম্বর সদর উপজেলার চর ডুমুরিয়া, সোলার চর এবং নয়াকান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তুহিন দেওয়ান (২২) ও আরিফ মীর (৩৭) নামে দুজন নিহত হন।
অভিযান শেষে উদ্ধারকৃত সরঞ্জামাদি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।