বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবে না, তাদের জন্য ২০২৬ সালের নির্বাচন নয়।” নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবিও পুনর্ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে ৮ দলীয় সমাবেশে প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের এক নম্বর দাবি— জুলাই বিপ্লবকে আইনি স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন আয়োজনের প্রশ্নই আসে না। যদি এই আইনি গোড়া না পত্তন হয়, তাহলে ২০২৬ সালের নির্বাচনও অর্থহীন হবে।”
তিনি উল্লেখ করেন, গণভোট আয়োজনের ব্যাপারে দেশের সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে। “যেহেতু সবাই একমত, তাহলে তারিখ নিয়ে এই বাইনাবাজি কেন? আগে গণভোট, পরে নির্বাচন— এটিই যুক্তিযুক্ত,” বলেন তিনি।
জামায়াত আমির বলেন, “আমরা চাই রমজানের আগে, অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। কেউ যেন এ নিয়ে ধোঁয়াশা তৈরি না করে। দেশের মানুষ এখন পরিষ্কার দিকনির্দেশনা চায়।”
তিনি আরও জানান, ঐকমত্য কমিশনের আলোচনায় আট দলের পক্ষ থেকে তারা কোনো ‘নোট অব ডিসেন্ট’ দেননি, বরং অধিকাংশ প্রস্তাবকেই যৌক্তিক মনে করে ইতিবাচক মত দিয়েছেন।
ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই সনদই আগামীর রাষ্ট্র কাঠামোর ভিত্তি। গণভোটের মাধ্যমে জনগণ সেই কাঠামো নির্ধারণ করবে। সরকার যদি এটিকে পাশ কাটায়, তাহলে নির্বাচন অর্থহীন হয়ে পড়বে।”