ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের মোকাবেলায় “কয়েকশ কোটি বাঁশের লাঠি নিয়ে প্রস্তুত হওয়ার” আহ্বান জানিয়েছেন। রবিবার (৯ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান, যা রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।
ওসমান হাদি তার পোস্টে লিখেছেন, “১৩ তারিখ আমরা ফজর পড়ব শাহবাগে। এক হাতে থাকবে লিফলেট, অন্য হাতে বাঁশের লাঠি। সারা দিন রাজপথে ভোটার যোগ করব আর খুনি লীগের গুন্ডাগুলারে খুঁজব।”
তিনি আরও উল্লেখ করেন, “দিল্লির জঙ্গিগুলোকে কোথাও এক মিনিটের জন্য পাওয়ামাত্রই ওদের পাওনা বুঝিয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আমাদের সঙ্গে থাকবেন শহীদ পরিবার ও আহত ভাই-বোনেরা।”
তার এই আহ্বান সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ একে “প্রতিরোধের প্রস্তুতি” হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে উসকানিমূলক বলে সমালোচনা করছেন।
ওসমান হাদি আরও বলেন, “দেশ ধ্বংসের জন্য কয়েকশ কোটি টাকা বাজেট করেছে ফেরাউসিনা। আপনারাও কয়েকশ কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হোন। আজাদির এই জমিনকে আমরা আর জাহান্নাম হইতে দেব না, ইনশাআল্লাহ।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওসমান হাদীর এই বক্তব্য আসন্ন ১৩ নভেম্বরের “ঢাকা লকডাউন” কর্মসূচিকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে তার পোস্টটি ভাইরাল হয়েছে এবং এর নিচে সহস্রাধিক মন্তব্য জমা পড়েছে।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, যে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। তারা সবাইকে আইন মেনে শান্তিপূর্ণভাবে মত প্রকাশের আহ্বান জানিয়েছেন।