ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত জাতীয় নির্বাচন পেছালে তার দায় সম্পূর্ণভাবে বিএনপি–জামায়াতের— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত “জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন” শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
“ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন পেছালে তার দায় বিএনপি–জামায়াতের। কারণ, এ দুই দলের অযৌক্তিক রাজনৈতিক দাবি–দাওয়ার কারণেই জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। তারা জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে দেশের অগ্রযাত্রাকে আটকে দিতে চাইছে।”
সভায় দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন,
“নির্বাচনের ডামাডোলে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি উপেক্ষা করা যাবে না।” উপদেষ্টা পর্ষদের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি যোগ করেন, “জুলাই সনদ নিয়ে সরকার এখন সাপ–লুডু খেলছে— কখনো এগোয়, কখনো পিছিয়ে যায়। এতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়ছে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন,
“সমগ্র বাংলাদেশ সংস্কার ও রিফর্ম প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে, কিন্তু বিএনপি তার সম্পূর্ণ বিপরীত অবস্থানে দাঁড়িয়ে আছে। তারা আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
“চব্বিশের অভ্যুত্থানের কার্ড খেলে যদি কেউ নব্য ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করে, তাহলে এনসিপি বসে থাকবে না। জনগণের পক্ষে, রিফর্মের পক্ষে, এবং বাংলাদেশের স্বার্থে আমরা মাঠে থাকব।”