জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, “তারেক রহমানের নেতৃত্বেই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব। জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপির নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে।”
সোমবার (১০ নভেম্বর) বিকেল তিনটার দিকে নাটোরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্নিগ্ধ বলেন, “গত ১৭ বছর খুনি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের মানুষকে নির্যাতন, নিপীড়ন ও অবরুদ্ধ করে রেখেছে। বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত দল— তবুও আমরা আপস করিনি। আমাদের আন্দোলন ছিল গণমানুষের মুক্তির জন্য।”
তিনি আরও বলেন, “গণভবনে নিয়ে নানা আপসের প্রলোভন দেখানো হয়েছিল, কিন্তু আমরা মাথা নত করিনি। বাধ্য হয়ে তখন আত্মগোপনে থাকতে হয়েছে। বেগম খালেদা জিয়া যেমন সন্তানের লাশ ধরে নীরবে দাঁড়িয়ে ছিলেন, আমার মা-ও সেভাবেই শহীদ মুগ্ধর লাশ বুকে নিয়ে নীরবে দাঁড়িয়ে ছিলেন।”
জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে মীর মাহবুবুর রহমান বলেন, “সেই আন্দোলনে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে, বিশ হাজার আহত হয়েছিল। তাদের রক্তের বিনিময়ে আজ আমরা মুক্তির পথে। চিরতরে ফ্যাসিস্ট শাসনের পতনের মধ্য দিয়েই এই হত্যার প্রতিশোধ নিতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, পরিচালনা করেন সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্নিগ্ধ বলেন, “তারেক রহমানই আজ শহীদদের রক্তের উত্তরাধিকারী। তার নেতৃত্বেই বাংলাদেশ আবারও জেগে উঠবে, ইনশাআল্লাহ।”