মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া গ্রামে বিএনপি’র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আরিফ মীর (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রোববার (৯ নভেম্বর) গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় দুই পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার রাত ১১টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। পুরো রাতজুড়ে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে এলাকা কেঁপে ওঠে। এতে সাধারণ মানুষ আতঙ্কে ঘর থেকে বের হতে পারেননি।
সংঘর্ষ চলাকালে আরিফ মীর গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, “সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
তিনি আরও জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে। এলাকায় টহল জোরদার করা হয়েছে।”
এদিকে সংঘর্ষের পর থেকেই চর ডুমুরিয়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। ব্যবসা-বাণিজ্য ও জনজীবন কিছুটা স্থবির হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে আছে তারা।