গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে তার তফসিল ডিসেম্বর মাসেই ঘোষণা করা হবে। তাই তফসিল ঘোষণার আগে গণভোট আয়োজনের কোনো বাস্তবতা নেই।
তবে তিনি মনে করেন, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করা সম্ভব, যাতে জুলাই সনদকে জনগণের ভোটের মাধ্যমে আইনি ও গণভিত্তিক স্বীকৃতি দেওয়া যায়।
রোববার (৯ নভেম্বর) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গণঅধিকার পরিষদের সাদুল্লাপুর উপজেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, “জুলাই সনদ এখন জনআন্দোলনের প্রতীকে পরিণত হয়েছে। এটি বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি জরুরি। তাই গণভোট হলে জনগণই ঠিক করবে—বাংলাদেশ কোন পথে যাবে।” তিনি আরও যোগ করেন, “আমরা গণভোটের বিরোধী নই, তবে এখনই তা আয়োজন করা বাস্তবসম্মত নয়।”
তিনি জানান, গণঅধিকার পরিষদ আসন্ন নির্বাচনে সারা দেশে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে দেশের বৃহত্তর স্বার্থে অন্য রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠনের বিষয়টিও বিবেচনায় রাখা হবে। “তফসিল ঘোষণার পর রাজনৈতিক বাস্তবতা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে,” বলেন নুর।
বক্তৃতার এক পর্যায়ে তিনি গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মো. সরুজ্জামান সরকার-এর নাম ঘোষণা করেন এবং তাকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
ভিপি নুর বলেন, “আজকের এই পরিবর্তন গণঅভ্যুত্থানের ফসল। এই ঐক্য অক্ষুণ্ণ রেখে আমরা গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাব।”