স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তিনি সরকারি পদ থেকে পদত্যাগ করে ঢাকা থেকেই আসন্ন নির্বাচনে অংশ নেবেন।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ভোটার স্থানান্তর করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আসিফ মাহমুদ বলেন, “যেহেতু আমি ঢাকায় থেকেই নির্বাচন করবো—এটা মোটামুটি নিশ্চিত—তাই নিজের ভোটও ঢাকায় স্থানান্তর করলাম, যাতে ভোটটা অপচয় না হয়। আমি ভোটার হয়েছি অনেক আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে ভোট দিতে না পারার সেই অভিজ্ঞতা এবার আর রাখতে চাই না।”
ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি, তবে ঢাকা থেকেই নির্বাচন করবো এটা নিশ্চিত। আপাতত পরিকল্পনা আছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার, যদিও শেষ পর্যন্ত পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবো। কোনো রাজনৈতিক দলের সঙ্গে এখন পর্যন্ত আমার কোনো আলোচনা হয়নি।”
তিনি আরও বলেন, “সরকার থেকে পদত্যাগের পর ধানমন্ডি এলাকায় স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করছি। সেখান থেকেই ভোটার হয়েছি, যাতে নির্বাচনের সময় ভোট দিতে পারি। আসলে কোথায় ভোটার হলাম সেটা নয়—নাগরিক হিসেবে ভোট দিতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
কবে পদত্যাগ করবেন—এমন প্রশ্নে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “আমি নিশ্চিতভাবে নির্বাচন করবো। তবে পদত্যাগের সুনির্দিষ্ট সময় সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনার পর জানানো হবে।”
জুলাই সনদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। সরকার জনগণকে নিয়েই ভাবছে। বিচার, সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের কার্যক্রম সমানতালে চলছে। বিচার প্রক্রিয়ায় এ মাসেই গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে, আর সংস্কার কার্যক্রমও অব্যাহত রয়েছে। নির্বাচন নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার।”