জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন,
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা চাই একটি প্রকৃত প্রতিনিধিত্বমূলক সংসদ গঠিত হোক— এমন একটি সংসদ, যা ভারতীয় আধিপত্যের বিরোধিতা করবে, ফ্যাসিবাদবিরোধী হবে, আর হবে একান্তভাবে বাংলাদেশপন্থী। যারা নিজেদের যোগ্য ও বাংলাদেশপন্থী মনে করেন, তারাই যেন এই সংসদে আসেন— এটিই আমাদের প্রত্যাশা।”
রবিবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সভায় হাসনাত আবদুল্লাহ আরও বলেন,
“বিএনপি আজ মূল রাজনীতি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেছে, বিশেষত ৫ আগস্টের পর থেকে। যারা এই পরিবেশে থাকতে অস্বস্তিবোধ করছেন— আমরা তাদের এনসিপিতে স্বাগত জানাই। আমরা তাদের নমিনেশন দেব, আমরা তাদের সঙ্গে কাজ করব। কুমিল্লার ১১টি আসনে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী দেব।”
তিনি জানান, নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করবে এনসিপি, যা দিয়েই শুরু হবে দলের আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম। তিনি বলেন,
“আমরা চাই, আগামী সংসদ নির্বাচনে এমন মানুষরা প্রার্থী হোক যারা বাংলাদেশপন্থী, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, ভারতীয় আধিপত্যের বিরোধী, গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী, সংস্কারের পক্ষে অবস্থান নেয়, আর এই বিপ্লবের যে জনআকাঙ্ক্ষা— তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।”
সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার মাজহারুল ইসলাম। এ সময় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জয়নাল আবেদীন শিশির, কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, সালাউদ্দিন জামিল সৌরভ এবং কুমিল্লা মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী মো. সিরাজুল ইসলাম প্রমুখ।