নির্বাচন কমিশনের নিবন্ধন না পেয়ে টানা পাঁচ দিন ধরে আমরণ অনশন পালন করা ‘আমজনতার দল’-এর সদস্যসচিব মো. তারেক রহমান অবশেষে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার রাত সাড়ে ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নিজ হাতে তাকে অ্যাম্বুল্যান্সে তুলে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে পাঠান।
গত মঙ্গলবার থেকে ইসি ভবনের সামনে শুরু হওয়া এই অনশন পঞ্চম দিনে এসে তারেক রহমানের শারীরিক অবস্থা আশঙ্কাজনকভাবে অবনত হয়। একাধিকবার স্যালাইন দেওয়ার পরও তার রক্তচাপ নেমে যায় বিপজ্জনক পর্যায়ে। শেষ পর্যন্ত দলের নেতাকর্মী ও পরিবারবর্গের অনুরোধে চিকিৎসা নিতে রাজি হন তিনি।
অ্যাম্বুল্যান্সে তোলার সময় সালাহউদ্দিন আহমদ বলেন, “তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র। তার মতো তরুণরাই দেশের রাজনীতিতে নতুন আশার আলো জ্বালিয়েছে। তাঁর নিবন্ধন না পাওয়া গণতন্ত্রের জন্য হতাশাজনক।”
তিনি আরও বলেন, “আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। আশা করি আমজনতার দল ন্যায়বিচার পাবে। আজ তারেককে অনুরোধ করেছি অনশন ভাঙতে—তিনি আমাদের অনুরোধ রেখেছেন। এখন তাঁর সুস্থতা ও ন্যায়বিচার দুটোই প্রয়োজন।”
প্রত্যক্ষদর্শীরা জানান, অনশনস্থলে উপস্থিত শতাধিক কর্মী ‘তারেক ভাই তুমি লড়াই চালিয়ে যাও’ স্লোগান দিতে দিতে কান্নায় ভেঙে পড়েন।
বর্তমানে তারেক রহমানের চিকিৎসা চলছে গণস্বাস্থ্য হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি চরম পানিশূন্যতা ও দুর্বলতায় ভুগছেন।