আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিভিন্ন বক্তার মুখে ‘ফজু পাগলা’ নামে পরিচিত এই নেতা এবার নিজেই এই উপাধি নিয়ে মুখ খুলেছেন।
শনিবার (৮ নভেম্বর) এক প্রতিক্রিয়ায় ফজলুর রহমান বলেন, ‘ফজু পাগলা’ উপাধি পেয়ে তিনি বরং আনন্দিত ও কৃতজ্ঞ। তিনি বলেন, “আমার প্রতি যেসব ধর্মীয় বক্তা ভালোবাসা থেকে ‘ফজু পাগলা’ উপাধি দিয়েছেন— বিশেষ করে মুফতি আমির হামজা ও মিজানুর রহমান আজহারী— আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
তিনি বলেন, কিশোরগঞ্জে খ্যাতনামা ‘পাগলা মসজিদ’ রয়েছে, যা দান ও উদারতার জন্য সারা দেশে পরিচিত। “এই উপাধি আমার কাছে গর্বের, কারণ পাগলা মসজিদের মতো মানুষকে উদার হতে শেখানোই আমার জীবনের লক্ষ্য,” যোগ করেন ফজলুর রহমান।
হাস্যরসাত্মক ভঙ্গিতে তিনি আরও বলেন, “‘পাগলা’ উপাধি দুর্বলতার নয়, বরং ইতিবাচক শক্তির প্রতীক। এলাকাবাসী স্নেহভরে যেভাবে এই নামে ডাকেন, তা আমি সম্মানের সঙ্গে গ্রহণ করি।”
স্থানীয় রাজনীতিতে ফজলুর রহমান জনপ্রিয় একজন আইনজীবী এবং মানবিক কর্মকাণ্ডের জন্যও পরিচিত। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তার মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতা বিবেচনা করে কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়ন দিয়েছে।
তিনি বলেন, “আমি মানুষের ভালোবাসায় রাজনীতি করি। আমার উদ্দেশ্য ক্ষমতা নয়, জনগণের সেবা।”