দেশে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটগুলো সরকারের পরিকল্পিত নাটক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “এই সরকারের পেছনে জনগণ নেই, তাই তারা জনগণের দুঃখ-কষ্ট বোঝে না। দেশের প্রতিটি সংকট তারা নিজেরা তৈরি করে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ঘোরাতে চায়।”
রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে নিজ নির্বাচনী এলাকায় উপস্থিত হয়ে তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
মির্জা ফখরুল বলেন, “ধানের দাম নেই, কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষক এখন উৎপাদন করে লোকসান গুনছে। আমরা ক্ষমতায় এলে কৃষকের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করব।” তিনি আরও জানান, দরিদ্র পরিবারের জন্য বিএনপি সরকার ‘ফ্যামিলি কার্ড’ চালু করবে, যার মাধ্যমে স্বল্পমূল্যে চাল, ডাল ও তেল কিনতে পারবে সাধারণ মানুষ।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “জনগণ এসব জটিল কথা বোঝে না, তারা শুধু বোঝে— ভোট দেবে, প্রতিনিধি নির্বাচন করবে, আর সেই প্রতিনিধি স্থানীয় উন্নয়ন করবে। কিন্তু বর্তমান সরকারের প্রতিনিধি জনগণের উন্নয়ন নয়, নিজেদের উন্নয়নেই ব্যস্ত।”
তিনি আরও বলেন, দেশের মানুষের আস্থা ফেরাতে বিএনপি জনগণের পাশে থেকে কাজ করছে। “আমরা বিশ্বাস করি, জনগণের শক্তিই পরিবর্তনের আসল চালিকা শক্তি।”
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের নানা ব্যর্থতার সমালোচনা করে বলেন, “দেশে আজ যে সংকট চলছে, তা মূলত একদলীয় শাসনের ফল।”