দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শনিবার (৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি শিক্ষকদের আন্দোলনের প্রতি সমর্থন জানান এবং পুলিশের হামলার নিন্দা করেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, “প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের দাবি পূরণের জন্য রাজপথে নেমেছেন। তাদের ওপর পুলিশের হামলার আমি তীব্র নিন্দা জানাই। শিক্ষকদের দাবির ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত আমি তাদের পাশে থাকব ইনশাল্লাহ।”
এর আগে শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে ৩ দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিনা উসকানিতে শিক্ষকদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং জলকামান থেকে গরম পানি ছোড়া হয়। এতে অন্তত শতাধিক শিক্ষক আহত হন। তবে পুলিশের দাবি, মিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে এগিয়ে যেতে চাইলে তাদের বাধা দেয়া হয়।
এই ঘটনায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আন্দোলনরত সংগঠন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ঘোষণা দিয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে।
প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে— সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান।
হাসনাত আবদুল্লাহর এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষকদের মধ্যে কৃতজ্ঞতা ও আশাবাদ দেখা দিয়েছে। তারা আশা করছেন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের এই একাত্মতা সরকারের দৃষ্টি আকর্ষণে ভূমিকা রাখবে এবং শিক্ষক সমাজের ন্যায্য দাবি বাস্তবায়নে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।