বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা এবং দেশকে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত করার লক্ষ্যে জামায়াত কারও সঙ্গে আপস করবে না। শুক্রবার রাতে মিরপুর পীরেরবাগ ঝিলপাড়ে ঢাকা-১৫ আসনের সমর্থক গোষ্ঠীর আয়োজিত প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচনের আগে কিছু মানুষ বা দল বাংলাদেশকে আমেরিকা-কানাডা বানানোর স্বপ্ন দেখায়, কিন্তু নির্বাচনের পর সেই ওয়াদা আর রাখে না। বিগত ৫৪ বছরে দেশের মানুষের সঙ্গে বহু ধোঁকা হয়েছে। এবার এসব ধোঁকাবাজকে না বলুন। অতীত ও বর্তমানের আমলনামা দেখে ভবিষ্যতে তাদের আচরণ কী হবে, তা বুঝতে হবে।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। এদেশ কারো নির্দেশনায় চলবে না। কাউকে দাদা বা বড় ভাই হিসেবে মানব না। আমরা আত্মসম্মানের সঙ্গে মাথা উঁচু করে চলব। কারো সঙ্গে বৈরিতা নয়—সকলের সঙ্গে বন্ধুত্ব ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালিত হবে। আমরা কারো কাছে নতজানু হব না, আমাদের রক্ত-চক্ষুকে কেউ প্রভাবিত করতে পারবে না।”
তিনি জোর দিয়ে বলেন, “যদি জনগণ আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমরা যুব সমাজ ও নতুন প্রজন্মকে এমনভাবে গড়ে তুলব যাতে তারা স্বনির্ভর ও স্বপ্রণোদিতভাবে সরকারকে সহযোগিতা করতে পারে।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা অতীতে অতিরিক্ত সময় অতীত নিয়ে কাটিয়েছি। বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছি। কিন্তু এখন দিন বদলের সময় এসেছে। দেশের ভাগ্য পরিবর্তনে ইতিবাচক পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের জন্য এগিয়ে যেতে হবে।”