জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন,
“জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বলে কিছু থাকবে না। যা নিয়ে ঐকমত্য হয়েছে, জনগণই তা চূড়ান্তভাবে নির্ধারণ করবে।” তিনি বলেন, “জনগণ যদি বলে, সেই সিদ্ধান্তই বাস্তবায়িত হবে। আমরা আশা করি খুব দ্রুতই জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচনের পথে এগিয়ে যেতে পারব। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করেই আমরা সামনে অগ্রসর হব।”
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন,
“আগামী সংসদ এবং যে সংস্কার পরিষদ গঠন হবে, সেখানে তরুণ, শিক্ষক, নারী, সংখ্যালঘু ও বিভিন্ন পেশাজীবীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এইভাবেই জুলাই সনদের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।”
তিনি আরও বলেন,
“গণভোটের মাধ্যমে জনগণের দাবি-দাওয়া পূরণ করতে হবে। আর জুলাই সনদের অর্ডার জারির দায়িত্ব ড. মুহম্মদ ইউনুসের হাতে থাকা উচিত। তিনি সেই আস্থার প্রতীক, যিনি জনগণের প্রত্যাশাকে সঠিকভাবে প্রতিফলিত করতে পারবেন।”
নাহিদ ইসলাম বলেন,
“আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা গণঅভ্যুত্থানের অংশীদার ছিলেন, তাদের সবাইকে সংসদে থাকার সুযোগ দিতে হবে। নতুন সংসদ ও সংস্কার পরিষদ নতুন সংবিধান রচনায় কাজ করবে, আর সেখানে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য। জাতীয় নাগরিক পার্টি এ বিষয়টি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।”