‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না— এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হলরুমে আয়োজিত এ সভায় বিএনপি নেতা বলেন,
“একটা দেশে নির্বাচন হবে, সেখানে পক্ষ-বিপক্ষ থাকবেই। সেটাই স্বাভাবিক রাজনীতি। কিন্তু রাজনীতি হবে আদর্শনির্ভর। যার যার আদর্শ নিয়ে কথা বলাটা রাজনীতির অংশ। কিন্তু কোনো আদর্শের মধ্যে ‘নো হাংকি পাংকি’ থাকার জায়গা নেই।”
জামায়াতে ইসলামীর এক নেতার সাম্প্রতিক বক্তব্যের ইঙ্গিত করে তিনি বলেন,
“একজন ইসলামী দলের নায়েবে আমীর কীভাবে বলেন ‘নো হাংকি পাংকি’? এটা কি রাজনৈতিক ভাষা? সাধারণ মানুষ এমন কথা পছন্দ করে না। একজন দায়িত্বশীল নেতা হিসেবে এমন বক্তব্য দেশের মানুষের কাছে উপহাসের বিষয় হয়ে দাঁড়ায়।”
তিনি আরও বলেন, “আমরা ভেবেছিলাম, উনি যেহেতু একসময় ছাত্র রাজনীতি করেছেন, শিক্ষিত ব্যক্তি, চিকিৎসক— সেই জায়গা থেকে পরিণত ও শালীন বক্তব্য দেবেন। কিন্তু আজ পর্যন্ত এমন কোনো আচরণ দেখা যাচ্ছে না।”
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন,
“বিএনপি সাধারণ মানুষের দল, জনগণের দল। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দল, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দল। আমরা গ্রামে যাই, মানুষের ঘরে ঘরে যাই, তাদের সঙ্গে কথা বলি, তাদের পালস বুঝি। আমাদের রাজনীতি সহজ, সৎ, মানুষের জীবনের সঙ্গে যুক্ত।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন,
“প্রত্যেক পরিবারে যান, মা-বোনদের সঙ্গে কথা বলুন। তাদের কাছে বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিন, তারেক রহমানের সালাম দিন, ধানের শীষের সালাম দিন, আমার সালাম দিন। জনগণের হৃদয়ে বিএনপির আদর্শ ফিরিয়ে আনুন।”
তিনি আরও বলেন,
“আমরা যারা বিএনপি করি, যারা যুগপৎ আন্দোলনে লড়েছি, সংগ্রাম করেছি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান আছে। ঐক্যবদ্ধ থাকলেই জয় আসবে।”
সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শাহীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল হাসান সোহেল। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল হাশেম, যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন ও কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুনসহ স্থানীয় নেতারা।