জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষ এখন পরিবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি মনে করেন, পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন কিংবা ঐকমত্য কমিশন—কোনোটিই সফল হতে পারে না।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “দেশে এখনো ফ্যাসিবাদী কাঠামোর অস্তিত্ব রয়ে গেছে। এজন্য ঐকমত্য প্রক্রিয়া শেষ হলেও সত্যিকারের ঐকমত্য তৈরি হচ্ছে না।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি পরিবর্তন না আসে, তবে তরুণরা আবারও রাস্তায় নামবে—এই সমাজকে তারা বদলে দেবে।”
তিনি আরও বলেন, “ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র ও শিক্ষকদের মধ্যে যে ঐক্য সৃষ্টি হয়েছে, তা দেশের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।”
গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে শিক্ষকদের অবদানের প্রশংসা করে নাহিদ ইসলাম বলেন, “শিক্ষকরা জাতির বিবেক, তাই গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে আমরা সব সময় শিক্ষকদের পাশে থাকব।”