জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে দেশে এক অভাবনীয় মিরাকল ঘটতে পারে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবির আয়োজিত ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. তাহের বলেন, “আজ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পরিবেশ বদলে গেছে। দলীয় আধিপত্য কমে এসেছে, টর্চার সেল বন্ধ হয়েছে, এবং ক্যাম্পাসে মদ-গাঁজার আড্ডাও এখন আর দেখা যায় না।” তিনি এটিকে নতুন প্রজন্মের ইতিবাচক জাগরণের প্রতিফলন বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, “নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে ব্যবসা আর চলবে না, জুলাই ব্যবসাও নয়।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা সংস্কার প্রস্তাবে ভেটো দেবে, তাদের পরিণতি হবে ফ্যাসিস্টদের চেয়েও ভয়াবহ।”
অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, সময় এসেছে নতুন প্রজন্মের নেতৃত্বে নৈতিক ও ন্যায়ভিত্তিক রাজনীতি গড়ে তোলার—যেখানে শিক্ষাঙ্গন হবে মুক্ত চিন্তা ও সত্যের চর্চার কেন্দ্র।