র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন অর রশীদ, তার স্ত্রী ফাতেহা পারভীন লুনা এবং তাদের দুই কন্যা ফাহমিদা ফারাহ ফাবিয়া ও নুসরাত যারীন আর্দিতার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দুদকের উপসহকারী পরিচালক মো. ইমরান আকন এ আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ব্যারিস্টার হারুন অর রশীদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। এই অনুসন্ধানের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনে আরও বলা হয়, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, হারুন অর রশীদ ও তার পরিবারের সদস্যরা ইতোমধ্যেই দেশের ভেতরে পলাতক অবস্থায় আছেন এবং যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। তারা দেশ ত্যাগ করলে চলমান অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়া নিশ্চিতে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।
আদালত আবেদনটি পর্যালোচনা করে ব্যারিস্টার হারুন অর রশীদ, তার স্ত্রী ও দুই কন্যার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগে উল্লেখিত অর্থের উৎস, বিদেশে সম্পদ স্থানান্তর এবং প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। অনুসন্ধান সম্পন্ন হলে বিস্তারিত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।