সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার (৫ নভেম্বর) ভোর রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে বিকেলে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্ত এলাকা। মেইন পিলার ৮৫৪ নম্বরের সাব-পিলার ৩ এলাকার শূন্য রেখা, যা ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ভেল্কু লতামারীর সংলগ্ন সেক্টর। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ভারতীয় বিএসএফের রতনপুর ক্যাম্পের টহল দলের সদস্যরা ৩টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে সীমান্ত এলাকার বাসিন্দারা হঠাৎ বিস্ফোরণের প্রকট শব্দ শুনে আতঙ্কিত হয়ে ঘুম থেকে জেগে ওঠে।
ঘটনাস্থলে পৌঁছান বুড়িমারী বিজিবি কোম্পানি ও শ্রীরামপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। তারা দ্রুত বিএসএফের সাথে যোগাযোগ করে বিষয়টি জানায়। বুধবার বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি কড়া প্রতিবাদ জানায়।
বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাস্থলের কাছাকাছি ভারতের অভ্যন্তরে ৭ থেকে ৮ জনের একটি গরু চোরাচালানকারী দল প্রবেশ করেছিল। তাদের ধাওয়া করার প্রক্রিয়ায় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। উভয় বাহিনী সীমান্তে টহল আরও জোরদার করার বিষয়ে একমত পোষণ করে।
বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন শ্রীরামপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোক্তার হোসেন। ভারতের পক্ষে নেতৃত্ব দেন রতনপুর ক্যাম্পের ইন্সপেক্টর রনজিত মালি। বিজিবি ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম নিশ্চিত করেন যে, কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হয়েছে এবং বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।