বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দেশের ভবিষ্যৎ নিয়ে আর কোনো প্রকার খেলাধুলা চলবে না। জুলাই আন্দোলনের মাধ্যমে অর্জিত জাতীয় সনদের চেতনা বাস্তবায়ন করতেই হবে—চাইলে বা না-চাইলে কেউ তা ঠেকাতে পারবে না।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। এই সমাবেশের পর জামায়াতসহ আটটি ইসলামপন্থি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার কাছে ৫ দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করে।
ডা. তাহের বলেন, “সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই।” তিনি জোর দিয়ে বলেন, “জুলাইয়ের চেতনা ভুলুণ্ঠিত হতে দেব না, প্রয়োজনে আবার জীবন দেব। আমরা রক্ত দিয়েছি, এবার গণভোট দিয়েই জনগণের মতামত প্রতিষ্ঠা করব।”
তিনি আরও বলেন, “নো হাঙ্কিপাঙ্কি—জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে। সরকারকে বলব, চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা করুন এবং জনগণের মতামত যাচাইয়ের পথ খুলে দিন।” তার মতে, অন্তর্বর্তী সরকারকে জনগণের দাবি পূরণে আন্তরিক হতে হবে, কারণ জনগণের আকাঙ্ক্ষাই জাতির পথ নির্দেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদের চেতনা হলো স্বচ্ছ প্রশাসন, ন্যায়বিচার ও গণভোটের মাধ্যমে জনগণের সার্বভৌম মতামত প্রতিষ্ঠা করা। এই চেতনা দমন করার চেষ্টা মানে গণতন্ত্রের ওপর আঘাত।
রাজধানীর পল্টনে আয়োজিত ওই সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা ঘোষণা দেন—জুলাইয়ের চেতনা রক্ষায় মাঠে থাকবে জনগণ, যত বাধাই আসুক না কেন।