টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদকে দলীয় মনোনয়ন না দেওয়ায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে উপজেলা বিএনপির একাংশ। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার কলেজ মোড় চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলালসহ অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী।
বিক্ষোভে বক্তারা বলেন,
“ঘাটাইলের তৃণমূল নেতাকর্মীরা লুৎফর রহমান খান আজাদকে ছাড়া কাউকে মেনে নেবে না। যতক্ষণ পর্যন্ত টাঙ্গাইল-৩ আসনে মনোনয়ন পরিবর্তন না করা হবে, ততক্ষণ ঘাটাইলের রাজপথ থাকবে অবরুদ্ধ।”
তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিনের ত্যাগী ও জনপ্রিয় নেতা আজাদকে বাদ দিয়ে নতুন প্রার্থী ঘোষণা করে কেন্দ্র তৃণমূলের সঙ্গে অবিচার করেছে। এ সিদ্ধান্তে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে ক্ষুব্ধ।
বক্তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান, তৃণমূলের মতামতকে মূল্যায়ন করে দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, নইলে ঘাটাইলের রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।