দেশজুড়ে আবারও চাঁদাবাজি, লুটপাট, দখলদারি ও ক্ষমতার অপব্যবহার শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “আগের বেশির ভাগ রাজনৈতিক দল আবারও ধান্দাবাজিতে লিপ্ত হচ্ছে, জনগণের স্বপ্নের বাংলাদেশকে তারা আবার পুরনো দুর্নীতির পথে ফিরিয়ে নিচ্ছে।”
বুধবার (৫ নভেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এনসিপির নতুন কমিটি ঘোষণার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “যে সিস্টেমের বিরুদ্ধে আমরা লড়েছি, সেই সিস্টেমই আবার নতুনভাবে মাথাচাড়া দিয়ে উঠছে। কেউ কেউ সুযোগ পেয়েই আগের চেয়ে আরও ভয়াবহ অবস্থা তৈরি করছে। জনগণ ভেবেছিল পরিবর্তন আসবে, কিন্তু পুরনো রাজনীতিবিদরা আবার সেই ধান্দাবাজির সংস্কৃতি ফিরিয়ে এনেছে।”
তিনি আরও বলেন, “গত বছরের আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা রাজনীতি করিনি। কিন্তু পরে দেখলাম, যদি নতুন নেতৃত্ব রাজনীতির হাল না ধরে, তাহলে বাংলাদেশ আবার সেই কালো শকুনদের হাতে পড়ে যাবে। একটা অভ্যুত্থান ঘটানোই আমাদের শেষ কাজ নয়—যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের ত্যাগ রক্ষাই এখন আমাদের দায়িত্ব।”
সারজিস আলম বলেন, “যারা অপকর্মে লিপ্ত, তারা যেই দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এই দেশ আবার কোনো দুর্নীতিবাজ বা লুটেরার হাতে ফিরিয়ে দেওয়া হবে না।”
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নয়ন তানবীরুল বারীসহ এনসিপি ও জাতীয় যুব শক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।