সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাপলা কলি প্রতীকসহ চূড়ান্ত নিবন্ধন পেলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সচিব জানান, সম্প্রতি নিবন্ধনের জন্য আবেদন করা বেশ কয়েকটি নতুন রাজনৈতিক দলের মধ্যে যাচাই-বাছাই শেষে তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ আমজনগণ পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চূড়ান্ত নিবন্ধন পেয়েছে। এর মাধ্যমে এনসিপি এখন থেকে পূর্ণাঙ্গভাবে একটি বৈধ রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে।
আখতার আহমেদ বলেন, “জাতীয় নাগরিক পার্টিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দলটির সাংগঠনিক কাঠামো, জেলা পর্যায়ের কার্যক্রম এবং রাজনৈতিক স্থিতিশীলতা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, নিবন্ধনপ্রাপ্ত দলগুলোকে এখন নির্বাচন কমিশনের আচরণবিধি ও আরপিও’র সব শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপির এই নিবন্ধন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতিতে একটি বড় অগ্রগতি। দলটি গত কয়েক মাস ধরে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ব্যাপক সাংগঠনিক তৎপরতা চালিয়ে আসছে।
এনসিপির নেতারা জানান, নতুন প্রতীক ‘শাপলা কলি’ তাদের দলের ‘পরিবর্তন ও ঐক্যের’ প্রতীক হিসেবে জনগণের মধ্যে তুলে ধরা হবে।
এর আগে এনসিপি একাধিকবার নিবন্ধনের জন্য আবেদন করলেও বিভিন্ন কারণে তা স্থগিত ছিল। এবার সব শর্ত পূরণ করায় দলটি নির্বাচনী প্রতীকসহ চূড়ান্ত নিবন্ধন পেলো।