আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারা দেশে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় ফরিদপুর জেলার দুটি আসনে প্রয়াত বিএনপি নেতাদের উত্তরসূরি হিসেবে তাদের মেয়েদের মনোনয়ন দেওয়া হয়েছে।
ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ দলীয় মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে, ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক উপমন্ত্রী কেএম ওবায়দুর রহমানের মেয়ে, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ মনোনয়ন পেয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিক প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।
চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর-৩ আসনের একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার উত্তরসূরি হিসেবে মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখছেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্বকে এগিয়ে নিতে কাজ করছেন।
অন্যদিকে, কেএম ওবায়দুর রহমানের মৃত্যুর পর তার মেয়ে শামা ওবায়েদ ফরিদপুর-২ আসনে বাবার রাজনৈতিক উত্তরাধিকার গ্রহণ করেন। তিনি জেলা ও তৃণমূল পর্যায়ে বিএনপিকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এবারের নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফরিদপুরে এই দুই প্রার্থীর মনোনয়ন বিএনপির পারিবারিক ঐতিহ্য রক্ষার পাশাপাশি নারী নেতৃত্বকে এগিয়ে নেওয়ার প্রতীকী উদ্যোগ হিসেবেও দেখা হচ্ছে।