বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকে বাংলাদেশ ও মিশরের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক রাজনীতি, আন্তর্জাতিক পরিস্থিতি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া দুই দেশের রাজনৈতিক অঙ্গনের সাম্প্রতিক পরিবর্তন এবং দক্ষিণ এশিয়া–মধ্যপ্রাচ্য অঞ্চলের স্থিতিশীলতা নিয়েও মতবিনিময় হয়।
বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে মিশরের রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক পরিবর্তন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি মিশর ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ ও মিশরের সম্পর্ক দীর্ঘদিনের এবং মুসলিম বিশ্বের ঐক্যের স্বার্থে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হওয়া প্রয়োজন। তিনি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী প্রক্রিয়া ও মানবাধিকারের বিষয়েও রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের মধ্যে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।