দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক,মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
ঘোষণার সাথে সাথেই ভোলা-৪ আসন তথা চরফ্যাশন ও মনপুরা উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দ উৎসব শুরু হয়েছে। দীর্ঘ প্রায় দেড়যুগ পর বিএনপির নেতাকর্মীরা নির্বাচনী আমেজ ফিরে পাওয়ায় দেশব্যাপী দলের কর্মী-সমর্থকদের ন্যায় এখানেও আনন্দ উল্লাস করছেন নুরুল ইসলাম নয়নের কর্মীসমর্থকরা,
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১ আসন থেকে নির্বাচন করবেন। এছাড়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ এবং তিনি নিজে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি আরও উল্লেখ করেন, আজ মোট ২৩৭ জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এবং বাকি আসনগুলোতে আলোচনা সাপেক্ষে দ্রুত প্রার্থী চূড়ান্ত করা হবে।
এদিকে, নুরুল ইসলাম নয়নের মনোনয়নে উচ্ছ্বসিত মনপুরা উপজেলা বিএনপির নেতারা বলেন, এখন থেকে আমরা বিএনপির সকল নেতাকর্মীরা ভেদাভেদ ভুলে এক হয়ে হাতে হাত মিলিয়ে ধানের শীষের জয়ের জন্য কাজ করব।
এই ঘোষণার মধ্য দিয়ে ভোলা-৪ আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে এবং দলীয় কোন্দল নিরসনের মাধ্যমে একটি শক্তিশালী নির্বাচনী প্রচারণার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।