রোকুনুজ্জামান, জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৭ নভেম্বর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু নির্বাচন পেছানোর আশঙ্কা করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (৩ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বরাবর স্মারক লিপি হস্তান্তর করে জবি ইসলামিক ছাত্রশিবিরের একটি প্রতিনিধি দল।
স্মারকে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর প্রথমবারের মতো শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলন ও দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্প্রতি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে।
গত ৭ অক্টোবর প্রশাসন পাঁচ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করে এবং ২৮ অক্টোবর জকসু বিধিমালা পাসের পরদিন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন ঘোষণা করা হয়। তবে সংগঠনটির অভিযোগ, সম্প্রতি একটি গোষ্ঠী নির্বাচনের আয়োজন বানচালের নীলনকশা শুরু করেছে।
জবি ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত স্মারকে বলা হয়,
বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তারিখ অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি। বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই। নির্বাচন পেছানো মানে নির্বাচন বানচালের ষড়যন্ত্র।
আরো উল্লেখ করা হয়, ডিসেম্বরের শুরুতে ভর্তি কার্যক্রম, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান এবং পরবর্তী শীতকালীন ছুটি মিলিয়ে ২৭ নভেম্বরের পর নির্বাচন করা বাস্তবসম্মত নয়।
শিবিরের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয় যে, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবে।