আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন।
দলের সূত্রে জানা গেছে, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী দীর্ঘদিন ধরে সিলেট-২ আসনের জনপ্রিয় নেতা ছিলেন। তার অনুপস্থিতিতেও এলাকাবাসী পরিবারের পাশে থেকেছে, তাই এবার সেই আসনে তার স্ত্রীকে মনোনয়ন দিয়ে বিএনপি ইলিয়াস আলীর প্রতি শ্রদ্ধা ও আস্থা প্রকাশ করেছে।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশে একটি প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন হতে যাচ্ছে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনপি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।” তিনি জানান, যেসব আসনে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো প্রার্থী ঘোষণা করবে, বিএনপি তাদের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেবে।
এবারের নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে প্রার্থী হয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁও-১ আসনে।
দলীয় সূত্র আরও জানিয়েছে, বিএনপির এই প্রাথমিক তালিকা স্ট্যান্ডিং কমিটি পর্যালোচনা করে সংশোধন করতে পারে। তবে তাহসিনা রুশদীর মনোনয়নকে কেন্দ্র করে সিলেট অঞ্চলে ব্যাপক সাড়া পড়েছে। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, ইলিয়াস আলীর উত্তরাধিকার হিসেবে লুনা মাঠে নামলে বিএনপির ভিত্তি আরও শক্তিশালী হবে।