আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন।
দলীয় সূত্রে জানা গেছে, এবারও বিএনপি মূলত অভিজ্ঞ নেতৃবৃন্দ, তরুণ প্রজন্ম ও মাঠপর্যায়ের সক্রিয় কর্মীদের সমন্বয়ে প্রার্থী তালিকা তৈরি করেছে। তবে আলোচনায় থাকা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নাম মাগুরা-২ আসনের প্রাথমিক তালিকায় স্থান পায়নি।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, আগামী নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন— ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন বগুড়া-৬ আসন থেকে।
ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে, আর ঢাকা-১৪ থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেত্রী ও “মায়ের ডাক” প্ল্যাটফর্মের সমন্বয়ক সানজিদা তুলি।
এর আগে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত স্থায়ী কমিটির দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ, যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে আসন সমন্বয়, এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা। এছাড়া দলের সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকরাও উপস্থিত ছিলেন।