আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দলের একক প্রার্থী নির্ধারণ প্রায় চূড়ান্ত করেছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, “স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থী তালিকার শেষ মুহূর্তের যাচাই-বাছাই ও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।” দলীয় সূত্রে জানা গেছে, বৈঠক শেষে প্রথম ধাপের প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
এ প্রসঙ্গে জানা যায়, বিকেল সাড়ে তিনটার দিকে গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেন।
এর আগে রোববার (২ নভেম্বর) এক সভায় তারেক রহমান বলেন, “জনগণের বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করছে। ৩০০ আসনে দলীয় প্রার্থী ও সমর্থিত প্রার্থীদের মনোনয়ন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।”
দলীয় সূত্রগুলো জানায়, সারাদেশ থেকে সংগৃহীত তথ্য, মাঠপর্যায়ের জরিপ ও প্রার্থীদের জনপ্রিয়তার ভিত্তিতে তালিকা তৈরি হয়েছে। প্রার্থী নির্বাচনে আন্দোলনে সক্রিয়তা, সাংগঠনিক দক্ষতা ও জনমতের মূল্যায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই বৈঠক শুধু প্রার্থী ঘোষণা নয়, বরং নির্বাচনী কৌশল নির্ধারণের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের বৈঠকের পর থেকেই বিএনপির নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে।