বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল আজ সোমবার (৩ নভেম্বর) রাজধানীতে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। দুপুর সাড়ে ১২টায় পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ বিষয়টি নিশ্চিত করে জানান, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, নভেম্বরে গণভোট আয়োজন এবং ফেব্রুয়ারিতে সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ঘোষিত আন্দোলন নিয়ে শরীক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।”
তিনি জানান, বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ও রাজনৈতিক অবস্থান ঘোষণা করা হবে। আন্দোলনের কৌশল ও গণভোট বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও সেখানে বিস্তারিত আলোচনা হবে।
যে আটটি দল এই সম্মেলনে অংশ নিচ্ছে তারা হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং ডেভেলপমেন্ট পার্টি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসলামপন্থী দলগুলো আবারও একক প্ল্যাটফর্মে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোট আয়োজনকে ঘিরে তারা সরকারের ওপর চাপ বাড়াতে চাইছে।
এদিকে, রাজনৈতিক মহলে জল্পনা চলছে— এই সম্মেলনের পর আট দলের নতুন জোট বা “ইসলামী জাতীয় ঐক্য মঞ্চ” নামে কোনো কাঠামো ঘোষণা করা হতে পারে।