আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঘোষণা দিয়েছেন, “ধানের শীষ আর শাপলা কলিতে হবে ফাইট।” তিনি বলেন, এনসিপি ৩০০ আসনেই প্রার্থী দেবে এবং নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা নতুন করে নির্বাচনী প্রতীক বরাদ্দের আবেদন করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিত করা।”
তিনি বিএনপি ও জামায়াতের উদ্দেশে বলেন, “নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র করলে তা সফল হবে না। বিএনপির চাঁদাবাজি ও সন্ত্রাসী রাজনীতি এবং জামায়াতে ইসলামীর ধর্মীয় ফ্যাসিবাদের সঙ্গে এনসিপি যুক্ত হতে চায় না। তারা যদি নিজেদের অবস্থান পরিবর্তন করে, তাহলে জোটের চিন্তা করা যেতে পারে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা জনগণের ভোটে বিশ্বাস করি, লাঠির জোরে নয়। দেশে গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”
প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, “সরকারের কিছু উপদেষ্টা যদি বিভিন্ন দলের সঙ্গে গোপনে রাজনৈতিক সম্পর্ক রাখে, তাহলে গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে। সরকারকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।”
তিনি নির্বাচন কমিশনকে সমালোচনা করে বলেন, “বর্তমান নির্বাচন কমিশন অনেকটা ইঞ্জিনিয়ারিং কমিশনে পরিণত হয়েছে। জনগণ তাদের স্বেচ্ছাচারী আচরণ দেখেছে, এবার তারা তার জবাব দেবে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী আশাবাদ ব্যক্ত করেন, জনগণ এবার ভোটের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করবে, যেখানে নীতি, আদর্শ ও সততা জিতবে।