বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “জুলাই সনদ ইস্যুতে যদি বিএনপি প্রতিবাদের পথ বেছে নেয়, তবে বর্তমান সরকার টিকতে পারবে না।” তিনি সতর্ক করে বলেন, বিএনপি এখনো ধৈর্যের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থান ধরে রেখেছে, কিন্তু জনগণের সঙ্গে প্রতারণার পরিণতি সরকারকে বহন করতে হবে।
রোববার (২ নভেম্বর) সকালে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
গয়েশ্বর বলেন, “জুলাই সনদের চূড়ান্ত সিদ্ধান্তে অনেক রদবদল ও ত্রুটি রয়েছে। এই সনদকে কেন্দ্র করে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে, জনগণ তা বুঝে ফেলেছে। অথচ প্রধান উপদেষ্টা ও সরকার এ বিষয়ে নীরব রয়েছে।” তিনি আরও বলেন, “আমরা যদি মাঠে নামি, সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। তবে আমরা এখনো শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার পক্ষে।”
বিএনপি নেতা বলেন, বর্তমানে দলটি সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে। তবে তিনি সরকারকে সতর্ক করে বলেন, জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হলে এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
গয়েশ্বর আরও বলেন, “বিএনপিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্য আমাদের বিচলিত করে না। তারা জানে, আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় বিএনপির আসার সম্ভাবনা প্রবল, তাই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না।”
এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সহসভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু, ও দপ্তর সম্পাদক এরফান আহমেদ সোহেলসহ ড্যাব নেতারা।