বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের ‘জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে’—এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১ নভেম্বর) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আলালের এই বক্তব্য দায়িত্বজ্ঞানহীন, বিভাজনমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার মন্তব্যে স্পষ্ট বোঝা যায়, তিনি কিছু গোষ্ঠীকে খুশি করার জন্য জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এই বক্তব্যে কর্তৃত্ববাদী ও ফ্যাসিস্ট রাজনৈতিক সুর প্রতিফলিত হয়েছে বলে অভিযোগ করেন মাওলানা হালিম।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘একাত্তরের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততা’র অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে প্রণোদিত। স্বাধীনতার পর থেকেই রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করার জন্য জামায়াতকে টার্গেট করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে, কিন্তু জাতি এখন এসব মিথ্যাচার সম্পর্কে সচেতন।
মাওলানা আবদুল হালিম আরও বলেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আলালের এ বক্তব্য জাতীয় ঐক্য নষ্টের শামিল। বর্তমানে দেশের রাজনৈতিক সংকট উত্তরণে ঐক্য ও সহনশীলতা প্রয়োজন, সেখানে এমন উসকানিমূলক মন্তব্য জাতির আকাঙ্ক্ষার পরিপন্থি।
তিনি স্পষ্ট করে বলেন, জামায়াতে ইসলামী একটি নিবন্ধিত রাজনৈতিক দল, যার মূলনীতি ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও জনগণের কল্যাণে নিবেদিত। দলটি দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সর্বদা ইতিবাচক ভূমিকা রেখে আসছে।