ভোলা সদরে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। শনিবার (১ নভেম্বর) দুপুরে জোহরের নামাজের আগে শান্তিপূর্ণ মিছিল শেষে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দলটি।
বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ জানান, ওইদিন ভোলা সদরে তার দলের একটি বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। মিছিল শেষে অল্পসংখ্যক নেতাকর্মী যখন দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন, তখন হঠাৎ বিএনপির চার থেকে পাঁচ শতাধিক কর্মী কোনো কারণ ছাড়াই সেখানে হামলা চালায়।
তিনি বলেন, “বিএনপির একটি ঈর্ষান্বিত গ্রুপ আমাদের নিরীহ নেতাকর্মীদের মারধর করেছে এবং পার্টি অফিস ভাঙচুর করেছে। এটি দুঃখজনক, হতাশাজনক এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাই।”
শনিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আন্দালিব রহমান পার্থ আরও লিখেছেন— “এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হবে এবং ভোটের মাঠেও এর প্রভাব পড়বে। অনেক দুঃখজনক ব্যাপারটা। ঐক্যের কোনো বিকল্প নাই।”
স্থানীয় বিজেপি নেতারা অভিযোগ করেছেন, হামলার ঘটনায় অন্তত কয়েকজন কর্মী আহত হয়েছেন এবং দলীয় অফিসের জানালা, চেয়ার ও ব্যানার ভাঙচুর করা হয়েছে। তারা বলেন, “আমরা শান্তিপূর্ণ প্রচারণা চালাচ্ছিলাম, কিন্তু উদ্দেশ্যমূলকভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে।”