মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধি
বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতীব আলাউদ্দীন ইমামী জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় শহরের জাফরান রেস্টুরেন্টে তাঁর পক্ষ থেকে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন— বান্দরবান কেন্দ্রীয় মসজিদের খতীব আলাউদ্দীন ইমামী বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি বাদশা মিয়া মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন. এ. জাকির, এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
মতবিনিময় সভায় আলাউদ্দীন ইমামী বলেন,“সম্প্রতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আমির হামজার একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তিনি তাঁর বক্তব্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদবাহক বা সাংবাদিক হিসেবে আখ্যায়িত করেছেন—যা নিয়ে অনেকে বিভ্রান্ত হচ্ছেন। একজন আলেমের বক্তব্যের ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, তবে এজন্য তাঁকে ‘কাফের’ বা ‘মুশরিক’ বলা উচিত নয়।”
তিনি আরও বলেন,
“আমাদের দেশের রাজনৈতিক নেতাদের প্রতিটি কার্যক্রম ও বক্তব্য গণমাধ্যমে গুরুত্ব পায়, কিন্তু ইসলামের প্রকৃত দিকনির্দেশনা দেন মসজিদের ইমামগণ। প্রতি জুমায় তাঁরা মুসলিম সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন, অথচ সেগুলো সংবাদমাধ্যমে খুব কমই প্রচার পায়। গণমাধ্যম যদি এসব খুতবা ও ধর্মীয় বার্তা সমাজে তুলে ধরে, তবে ইসলামের আলো আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।”সভায় বক্তারা গঠনমূলক সাংবাদিকতা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।