প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শনিবার সন্ধ্যায় যমুনায় এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা। বৈঠকে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে উপদেষ্টার কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, বৈঠকটি প্রধান উপদেষ্টার আহ্বানে নয়, বরং তিন বাহিনীর প্রধানেরা নিজেদের মধ্যে পরামর্শ করে যৌথভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, সীমান্তের পরিস্থিতি ও গণভোটের সময় প্রশাসনিক প্রস্তুতি নিয়েও কথা হয়।
একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এটি রুটিন মিটিং নয়। নির্বাচনী প্রস্তুতি এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তিন বাহিনীর মধ্যে সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পায়।” তিনি আরও জানান, বৈঠকে আসন্ন নির্বাচনে সামরিক বাহিনী কীভাবে মোতায়েন হবে, কোন পর্যায়ে তারা দায়িত্ব পালন করবে—সেসব বিষয়ে ধারণা বিনিময় হয়।
বিশেষ করে নির্বাচনের সময় দেশের স্থিতিশীলতা রক্ষায় সেনা সদস্যদের ভূমিকা, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়, এবং বর্ডার এলাকাগুলোর নিরাপত্তা জোরদার করার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. ইউনূস তিন বাহিনীর প্রধানদের ধন্যবাদ জানিয়ে বলেন, “জাতীয় স্বার্থে সশস্ত্র বাহিনীর পেশাদার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন নির্বাচন যেন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং সবার কাছে গ্রহণযোগ্য হয়—এটাই সরকারের অগ্রাধিকার।”