আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার একটি চেষ্টার অভিযোগ তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “যারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, তারাই আজ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিরোধিতা করছেন।”
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলোচনা সভার শুরুতে তিনি জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের দ্রুত আরোগ্য কামনা করেন এবং মুক্তিযুদ্ধ-পরবর্তী একদলীয় শাসনের বিরুদ্ধে তার ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান।
বিএনপি মহাসচিব বলেন, “দয়া করে জনগণকে আর বিভ্রান্ত করবেন না। একাত্তরে আপনারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, এখন দয়া করে জনগণের নির্বাচনের বিরোধিতা করবেন না। জনগণের মতামত নির্বাচনের মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে হবে।”
তিনি বলেন, “আমরা নির্বাচন করতে চাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে ফেব্রুয়ারির নির্বাচনের ঘোষণা দিয়েছেন, আমরা সেটার সঙ্গে একমত।”
মির্জা ফখরুল অভিযোগ করেন, “একটি মহল নির্বাচনের প্রক্রিয়া বিলম্বিত করতে উঠেপড়ে লেগেছে। বিভিন্নভাবে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণকে ভুল পথে চালিত করার চেষ্টা চলছে।”
তিনি বলেন, “গণভোট নির্বাচনের আগেই হবে না। নির্বাচনের দিনেই হবে দুইটি ব্যালট—একটি গণভোটের জন্য, অন্যটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য। এ বিষয়ে কোনো দ্বিমত থাকার কথা নয়।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “আজ যারা নির্বাচনের নামে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারা ১৯৭১ সালে যেমন জনগণের বিপক্ষে ছিলেন, আজও জনগণের অধিকারবিরোধী অবস্থান নিচ্ছেন। জনগণ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তন আসবে ভোটের মাধ্যমেই।”