জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর অবস্থান পরিবর্তনের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “যখন সনদের আইনি ভিত্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তখন আমরা স্বাক্ষর করিনি।
কিন্তু কিছু দল আইনি নিশ্চয়তা ছাড়াই সনদে সই করেছে। এখন তারা আবার সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমি শুধু বলতে চাই — কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, সংসারও করতে হবে।”
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম বাইপাসে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, নাসীরুদ্দীন ভাই (এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী) বলেছেন, স্বাক্ষর করার পরে তারা আবার বিপক্ষে অবস্থান নিয়েছে। বিয়েই যদি করবা না, তাহলে কাবিলে সিগনেচার কেন করলা। সংসার যদি নাই করবা, তাহলে কবুল কেন বললা।
কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, আপনাদের সংসারও করতে হবে। সংসার যদি না করতে চান, রাস্তা খোলা আছে, জনগণের সামনে এসে বলতে হবে আমরা ডিভোর্স দিতে চাই। জনগণের সামনে মুখোশ উন্মোচন করতে হবে আপনাদের। জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না।
তিনি আরও বলেন, “আজ যারা ‘না’-এর পক্ষে অবস্থান নিয়েছে, তারা আসলে সংস্কার, ভোট ও জনগণের অধিকারবিরোধী। কাল তারা গণতন্ত্রের বিরুদ্ধেও দাঁড়াবে। তাই এখনই তাদের চিহ্নিত করতে হবে।”
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা আইনের ভিত্তিতে, জনগণের অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়তে চাই। সংস্কারের বিরোধিতাকারীরা আসলে পরিবর্তন চান না; তারা পুরনো স্বার্থরক্ষাকারী রাজনীতির অংশ।”
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “সংস্কারের পথে যারা হাঁটছে, তারাই বাংলাদেশের আগামী দিনের রাজনীতি নির্ধারণ করবে। জনগণের আস্থা অর্জন করতে হলে কাজে, কথায় ও কর্মে সৎ হতে হবে।”
এর আগে হাসনাত আব্দুল্লাহ লাকসামে এনসিপির নতুন দলীয় কার্যালয় উদ্বোধন করেন এবং সড়কে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির লাকসাম উপজেলা প্রধান সমন্বয়কারী আল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, এবং স্থানীয় নেতৃবৃন্দ আশিকুর ইসলাম, সাকিব হাসান, রাশেদুল ইসলাম, মাসুম বারী কাউসার, কাজী নাসির, নাজমুল করিব রিতু প্রমুখ।