বিএনপি সংস্কার চায়নি, আর এখন গণভোটও চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি অভিযোগ করেন, বিএনপি এখন এমন কৌশলে কাজ করছে যেন “গণভোটটাকে গলা টিপে হত্যা করা যায়।”
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তাহের বলেন, “প্রথমে বিএনপি কোনো সংস্কারই চায়নি। পরে জনগণের চাপে সংস্কার কমিশনে যোগ দিলেও তারা বারবার প্যাঁচ লাগানোর চেষ্টা করছে। জুলাই সনদের অনেক পয়েন্ট আমরা বিএনপির জন্য মাইনাস করেছি, তবুও তারা নোট অব ডিসেন্ট দিচ্ছে। এটা আসলে সংস্কারকে ব্যর্থ করার চেষ্টা।”
তিনি আরও বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ফ্যাসিবাদ থাকবে না, থাকবে ক্ষমতার সুষম বণ্টন। কিন্তু বিএনপি এখনো সেই একদলীয় মানসিকতা ধরে রেখেছে। তারা ভাবছে ১০০ বছর ক্ষমতায় থাকবে।”
জামায়াত নেতা জানান, ঐকমত্য কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনার মাধ্যমে যে জুলাই চার্টার গঠিত হয়েছে, সেটি এখন জাতির ঐক্যের প্রতীক। তিনি বলেন, “এখন কোনো ব্যত্যয় ঘটলে জনগণ সেটি মেনে নেবে না।”
তাহের আহ্বান জানান, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করে ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি নিতে। তিনি বলেন, “একই দিনে নির্বাচন ও গণভোট হলে গণভোটের গুরুত্ব হারাবে। বিএনপি সেটাই চায়।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, ড. এইচএম হামিদুর রহমান আজাদ, ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।