গণভোট ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন যখন উত্তপ্ত, ঠিক তখনই আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন—এই বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত আসছে। তিনি বলেন, “গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়েছে, তবে প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্তটা বেশি দেরি হবে না।”
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আসিফ নজরুল জানান, দীর্ঘ ২৭০ দিন ধরে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরও যে অনৈক্য তৈরি হয়েছে, তা অত্যন্ত হতাশাজনক। তাঁর ভাষায়, “আগে বিষয়বস্তু নিয়ে মতবিরোধ ছিল, এখন গণভোট নিয়েই দ্বন্দ্ব দেখা দিয়েছে। এতে রাজনৈতিক অঙ্গন আরও উত্তেজিত হয়ে উঠছে।”
তিনি আরও বলেন, “কোনো রাজনৈতিক দল এককভাবে তাদের মতামত সরকারের ওপর চাপিয়ে দিতে চাইলে ‘জুলাইয়ের চেতনা’ কোথায় থাকে? দেশের গণতান্ত্রিক অর্জন রক্ষা করতে হলে সবাইকে দায়িত্ব নিতে হবে।”
আইন উপদেষ্টা স্পষ্ট করে জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, রাজনৈতিক দলগুলোরও সমানভাবে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।