নির্বাচন কমিশনের ঘোষণার পর নতুন প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “শাপলার বিকল্প হিসেবে ‘শাপলা কলি’ কতটা দৃষ্টিনন্দন আকৃতির—তা আমরা জানতে চাই।”
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে আখতার হোসেন উল্লেখ করেন, এনসিপি শুরু থেকেই বলেছে, শাপলার কোনো বিকল্প নেই; বিকল্প কেবল শাপলার মধ্যেই হতে পারে। তাঁর ভাষায়, “আমরা শাপলার নানা ডিজাইন উপস্থাপন করেছি। নির্বাচন কমিশনও শাপলার ভেতর থেকেই ‘শাপলা কলি’কে বিকল্প প্রতীক হিসেবে সামনে এনেছে।”
তিনি আরও বলেন, “শাপলার বিকল্প হিসেবে এই প্রতীকের নকশা কতটা মনোহর ও অর্থবহ, সেটা আমরা দেখতে চাই। কারণ প্রতীকের ভিজ্যুয়াল আকৃতি একটি দলের পরিচয় বহন করে।”
উল্লেখ্য, বৃহস্পতিবারই (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনে ‘শাপলা কলি’কে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত করে। নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধনের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।