বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আল্লাহর রহমত ও জনগণের ভালোবাসায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের বিজয়ের মাধ্যমেই ২০০৬ সালের ২৮ অক্টোবর এবং ২০২৪ সালের জুলাই–আগস্টের শহীদদের রক্তের বদলা নেওয়া হবে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর বাউফল উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ নেতৃত্বে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের হত্যাকাণ্ডের বিচার দাবিতে এই কর্মসূচি আয়োজন করা হয়।
ড. মাসুদ বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর খুনি হাসিনার নির্দেশে লগি–বৈঠা হাতে নিয়ে ইসলামী আন্দোলনের শতাধিক নেতা–কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই ভয়াবহ তাণ্ডব আজও জাতি ভুলে যায়নি। যারা ইসলামী আন্দোলনকে নিঃশেষ করতে চেয়েছিল, আল্লাহ তাদের ব্যর্থ করেছেন। আজ ডাকসু, রাকসু, চাকসু ও জাকসুর ছাত্র সংসদে ইসলামী শক্তির বিজয় প্রমাণ করে দিয়েছে—এই জাতি আবার ইসলামের পতাকা উঁচু করবে।”
তিনি আরও বলেন, “আমরা আশা করি, জাতীয় জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়া হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা করতে হবে। জনগণের মতামত উপেক্ষা করে কোনো নির্বাচন হলে দেশের মানুষ তা মেনে নেবে না। যারা গণভোট মানবে না, তারা গণশত্রুতে পরিণত হবে।”
নারী নির্যাতনের প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের মা–বোনদের ওপর যারা হামলা করছে, তাদের স্পষ্ট করে জানাতে চাই—এখনই থামুন। না হলে আর কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষা করা হবে না, কঠোর হাতে প্রতিহত করা হবে, ইনশাআল্লাহ।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মো. ইসাহাক, সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেদোয়ান উল্লাহ, এবং ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।