গণভোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনা বাড়ছে, তেমনি ফেসবুকে শুরু হয়েছে ‘হ্যাঁ-না’ পোস্টের প্রতিযোগিতা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মধ্যরাত থেকেই নিজেদের অবস্থান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন।
জানা গেছে, নির্বাচনের আগে গণভোট আয়োজনের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। তারা দাবি করছে, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো যৌক্তিকতা নেই। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ গণভোটের পক্ষে নতুন অনলাইন ক্যাম্পেইন শুরু করেছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তার ফেসবুক প্রোফাইলে ‘না’ লিখে পোস্ট দিয়েছেন। বিপরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড পেজে ‘হ্যাঁ’ লেখা একটি পোস্ট দিয়ে গণভোটের সমর্থন জানিয়েছে সংগঠনটি।
এদিকে, জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, এই বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার তাগিদ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।