জামায়াতে ইসলামী রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের দলীয় প্রার্থী ও সংগঠনের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় থেকে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তারা উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করেছে এবং নিজেদের স্বার্থে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে।
বুধবার (২৯ অক্টোবর) রাতে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়ন জামায়াত শাখা আয়োজিত এক নির্বাচনি পদসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, “আজ দেশের মানুষ দারিদ্র্য ও বেকারত্বে জর্জরিত। বিদেশে শ্রম বিক্রি করতে বাধ্য হচ্ছে আমাদের যুবসমাজ, অথচ দেশের সম্পদ কেবলমাত্র কিছু প্রভাবশালী গোষ্ঠীর হাতে জমা হয়েছে।” তিনি দাবি করেন, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রে ন্যায়বিচার, ইনসাফ ও মানবিক মূল্যবোধ ফিরে আসবে। তখন কেউ আর বিদেশে যেতে বাধ্য হবে না; দেশের ভেতরেই সবার জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, “আল্লাহর অশেষ মেহেরবানীতে মৃত্যুর মুখ থেকে ফিরে আপনাদের মাঝে এসেছি। স্বৈরাচার শেখ হাসিনা আমাকে মিথ্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু আল্লাহর রহমতে সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে।” তিনি যোগ করেন, “যে শেখ হাসিনা আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চেয়েছিল, আজ সেই হাসিনাই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে।”
এটিএম আজহারুল ইসলাম বলেন, “দেশে প্রকৃত গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ফিরিয়ে আনতে হলে জামায়াতকে বিজয়ী করতে হবে। জনগণ যদি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়, আমরা জনগণের সঙ্গে করা অঙ্গীকার ভঙ্গ করব না।”
পদসভায় সভাপতিত্ব করেন সয়ার ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী ইলিয়াস আলী। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।